সারাদেশ

হিমাগার ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন

প্রিন্ট
হিমাগার ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন

প্রকাশিত : ২২ জুন ২০২৬, রাত ৯:৪১

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজিতে ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা। সোমবার (২২ জুন) সকালে জেলা কালেক্টরেট চত্বরে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বালিয়াডাঙ্গী আলু চাষি সংগঠনের সভাপতি আব্দুস সালামসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা। তার ওপর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হচ্ছে ৮ টাকা, যা গত তিন বছরে দ্বিগুণেরও বেশি। বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম না থাকায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। আলু পচনশীল হওয়ায় বাধ্য হয়ে হিমাগারে রাখতে হচ্ছে, আর এ সুযোগে মালিকেরা দফায় দফায় ভাড়া বাড়াচ্ছেন। অবিলম্বে ভাড়া ৫ টাকা করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে চাষিরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।