ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পিয়ার হোসেন, মাসুম, শফিকুলসহ ৪-৫ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে রিয়াদ কবিরের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে মাদক রয়েছে দাবি করে আসবাবপত্র তছনছ করে এবং রিয়াদকে মারধর করে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা লুটে নেয়। যাওয়ার সময় তারা মামলা ও গ্রেপ্তারের হুমকি দেয়।
ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। কার্ডটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি পদবীর অজয় কুমার জয় নামের এক কর্মকর্তার। পরবর্তীতে শরীফ হোসেন নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেক সিপাহি পরিচয়ধারী ব্যক্তি ফোন করে ওই আইডি কার্ডটি ফেরত দেওয়ার জন্য হুমকি দেন বলে ভুক্তভোগী পরিবার জানায়। তবে অভিযুক্ত শরীফ হোসেন ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
ব্যবসায়ী রিয়াদ কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে এলাকার একটি চক্র মাদক উদ্ধারের নাটক সাজিয়ে এই হামলা ও লুটপাট চালিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত পিয়ার হোসেন বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই। তিনদিন ধরে ওই এলাকায় যাইনি। শুনেছি প্রশাসনের লোকজনকে রিয়াদের পরিবার মারধর করেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। ডিবি পুলিশের নাম ব্যবহার করে এ ধরনের অপরাধ অত্যন্ত মারাত্মক। ঘটনার আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত