সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সড়ক বাতির খুঁটি কাটার অভিযোগে নাসিক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানা অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সড়ক বাতির খুঁটি কাটার অভিযোগে নাসিক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানা অভিযোগ

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৬:৫৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তার পাশে নির্মিত সড়ক বাতির পিলার কাটাকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড সচিবসহ দুইজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে স্থানীয় বিএনপি নেতা মো. সোলায়মান পলাশ বাদী হয়ে এ অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, নাসিক ২ নম্বর ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসান (৩২) ও মিজমিজি মেডিকেল মোড় এলাকার আমির হোসেন (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১টার দিকে অভিযুক্তরা মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের একটি বৈদ্যুতিক সড়ক বাতির খুঁটি কেটে নিয়ে যান। এতে ওই এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে তীব্র সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে ২ নম্বর ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, অভিযোগটি হাতে পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।