সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৭ জুন ২০২৬, রাত ১০:১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী (নিহতের খালা)।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর ডিএম স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী সুধো বালা (৩৭) এবং তার ছেলে সার্জেন সিংহ (২৬)। দুর্ঘটনায় আহত মেজানি রানী নিহত সুধো বালার বোন ও বিনত সিংহের স্ত্রী।

স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বোনকে মোটরসাইকেলে নিয়ে পীরগঞ্জ যাচ্ছিলেন সার্জেন সিংহ। পথে লোলপুকুর ডিএম স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সার্জেন ও মেজানি রানী।

স্থানীয়রা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সার্জেনের মাথায় থাকা হেলমেটটি ভেঙে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। তবে রংপুর নিয়ে যাওয়ার পথেই মারা যান ছেলে সার্জেন সিংহ। আহত মেজানি রানী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর পরই বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে স্থানীয় জনতা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও চালক-হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।