সারাদেশ

শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

প্রিন্ট
শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

প্রকাশিত : ২৭ জুন ২০২৬, রাত ১১:১৩

মাগুরার শ্রীপুরে উপজেলায় রাজনৈতিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের ঘোসিয়াল চরচৌগাছি এলাকার পাকা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত আলম মণ্ডল (৬০) আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে টিকারবিলা বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন আলম মণ্ডল। পথে ঘোসিয়াল চরচৌগাছি এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে গুরুতর জখম করে।

হামলার শিকার আলম মণ্ডল অভিযোগ করে বলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন ও রিয়াজসহ বেশ কয়েকজন আমার ওপর এই হামলা চালিয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলেন, আলম মণ্ডলের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুনেছি সেই বিরোধের জেরে স্থানীয় কিছু লোকজনের সাথে তার মারামারি হয়েছে। এই ঘটনার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো বা আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, মারামারির ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।