সারাদেশ

শিশুস্বাস্থ্য সুরক্ষায় শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রিন্ট
শিশুস্বাস্থ্য সুরক্ষায় শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, সন্ধ্যা ৬:৫৭

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টি, রাতকানা ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে এ কর্মসূচির সুফল পেতে সব অভিভাবককে সচেতনভাবে অংশ নিতে হবে। একই সঙ্গে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শেরপুর পৌরসভার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র থেকে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি হ্রাস এবং রাতকানা প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।