মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতভাইয়াপাড়া এলাকায় অবস্থিত নোভেরা টেক্সটাইল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই সুযোগে স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে কয়েকজন কারখানার ভেতরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এ কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতে রাতুলের নেতৃত্বে মিদুল, শাওন, আক্তার, মোক্তার, হামিদুল, সিফাতসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। তারা অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মীকে মারধর করে আহত করা হয়।
এরপর হামলাকারীরা কারখানার মালিকের পাশের বসতবাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল লুট করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর কারখানার ব্যবস্থাপক বিল্লাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন কারখানা কর্তৃপক্ষ। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাতুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত