সারাদেশ

প্রস্তাবিত সড়ক প্রকল্প বাতিল নয়, পুনর্বিবেচনার দাবি এলাকাবাসীর

প্রিন্ট
প্রস্তাবিত সড়ক প্রকল্প বাতিল নয়, পুনর্বিবেচনার দাবি এলাকাবাসীর

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, রাত ১০:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রস্তাবিত পানগাঁও থেকে জালকুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত নতুন সড়ক নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জালকুড়ি এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, প্রস্তাবিত সড়ক নির্মাণের ফলে বিপুলসংখ্যক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজার হাজার মানুষ বাসস্থান ও জীবিকার সংকটে পড়তে পারেন বলে তারা দাবি করেন।

এ অবস্থায় চলমান ভূমি জরিপ ও অধিগ্রহণ কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানির আয়োজন, বিকল্প রুট নির্ধারণ অথবা বিদ্যমান সড়ক উন্নয়নের সম্ভাব্যতা যাচাই এবং জনমত গ্রহণ ছাড়া কোনো ধরনের ভূমি অধিগ্রহণ না করার দাবি জানানো হয়।

স্মারকলিপির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের নথির অনুলিপি, ক্ষতিগ্রস্তদের গণস্বাক্ষর এবং প্রস্তাবিত অধিগ্রহণ এলাকার মানচিত্র সংযুক্ত করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।