সারাদেশ

বন্দরে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ, আহত তিন

প্রিন্ট
বন্দরে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ, আহত তিন

প্রকাশিত : ২৯ জুন ২০২৬, রাত ১২:০২

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতিসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন তুহিন ইসলাম (৪০), তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৪) এবং অপর একজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্র ও থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ এলাকার বাসিন্দা তুহিন ইসলামের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে পারভেজ, তামান্না আক্তার ও রোজিয়া বেগমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন হামলায় অংশ নেন বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, তারা সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকলেও হামলাকারীরা সেখানে গিয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।