সোমবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সড়কে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু ২৯ এবং পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় ১৮।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন ইজিবাইকটির গতিরোধ করে তল্লাশি চালানোর সময় রাজুর প্যান্টের পকেট থেকে এক হাজার ৫০০ পিস এবং হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও এক হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তারা সম্পর্কে মামা ও ভাগিনা।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মতামত