সারাদেশ

ঝুঁকিপূর্ণ কাজে শিশু নয়, নিশ্চিত হোক নিরাপদ শৈশব

প্রিন্ট
ঝুঁকিপূর্ণ কাজে শিশু নয়, নিশ্চিত হোক নিরাপদ শৈশব

প্রকাশিত : ২৯ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৪১

শিশুশ্রম নির্মূলে সরকার, শিল্পমালিক, শ্রমিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভায়।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল, শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, শিশুশ্রম দেশের অন্যতম সামাজিক সমস্যা। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পকারখানা, পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার, প্লাস্টিক শিল্প এবং বর্জ্য সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত হতে দেখা যায়। এতে তারা স্বাস্থ্যঝুঁকি ও নানা দুর্ঘটনার শিকার হচ্ছে।

তিনি বলেন, শিশুদের পরিবর্তে দক্ষ প্রাপ্তবয়স্ক শ্রমিক নিয়োগের মাধ্যমে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব, তেমনি শিশুশ্রমও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পমালিক, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত এবং শ্রম পরিদর্শক (সাধারণ) মো. জুলফিকার আলী।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।