রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড় আলুপাড়াগাঁও (ডাক্তারখালী) এলাকা থেকে রানা মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন।
পুলিশ জানায়, গত ১১ মে বরুনা মধ্যপাড়া মসজিদের সামনে একটি সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড বা সাইট নিয়ে বিরোধের জেরে আলাল খাঁ নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ও একটি বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ করা হয়। হামলায় মোমেন মিয়াসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় আহত মোমেন মিয়ার ভাই রিপন খাঁ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রানা মিয়া ওই মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, মামলার বাদীপক্ষের অভিযোগ, হামলার সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত