সারাদেশ

শেরপুরে অপপ্রচারের অভিযোগে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রিন্ট
শেরপুরে অপপ্রচারের অভিযোগে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ৩০ জুন ২০২৬, দুপুর ১২:২৬

নিজের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা ও কলেজ শিক্ষক সেলিম আহম্মেদ।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সেলিম আহম্মেদ বলেন, গত ২৮ জুন কয়েকটি সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, লছমনপুর এলাকার বাসিন্দা রঞ্জিত চন্দ্র দে এবং তার সমর্থকরা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তিনি বলেন, রঞ্জিত চন্দ্র দেকে দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে বিরোধপূর্ণ জমি নিয়ে জটিলতার একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায় এবং আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। তিনি আদালতের প্রতি আস্থা রেখে যেকোনো আইনগত সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান।

সেলিম আহম্মেদ বলেন, একটি চলমান বিচারাধীন বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।