সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রিন্ট
খুলনার বটিয়াঘাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:৩৪

খুলনার বটিয়াঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কৃষিতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিকভাবে বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির জেলা প্রশিক্ষক কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সালাম এবং সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরীন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বন্দনা রায় ও সুজিত কুমার।

আলোচনা সভা শেষে অতিথিরা পার্টনার ফিল্ড স্কুলের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনবিষয়ক স্টল পরিদর্শন করেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের পাশাপাশি মানসম্মত উপায়ে বাজারজাতকরণে আরও সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।