সারাদেশ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রংপুর ও কুড়িগ্রামে নানা কর্মসূচি

প্রিন্ট
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রংপুর ও কুড়িগ্রামে নানা কর্মসূচি

প্রকাশিত : ১ আগস্ট ২০২৬, রাত ১০:১৮

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ বিভিন্ন উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।

সপ্তাহটি উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৃথক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা এবং পুষ্টিকর খাবার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুর সুষ্ঠু বিকাশে এর ভূমিকা এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলাতেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সামাদ। সভায় মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।