অভিযোগ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তার দাবি, বিদেশে পাঠানোর কথা বলে যুবদল নেতা নোবেল মীর তার কাছ থেকে নগদ ২০ লাখ টাকা নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের একটি চেক প্রদান করেন, যা পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংকে ডিজঅনার হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ জুন দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নোবেল মীর ও তার সহযোগীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপপ্রচার চালান। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তারা জাহাঙ্গীর আলমকে গালিগালাজ ও নির্বাচন করতে হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা মো. নোবেল মীর অভিযোগ অস্বীকার করে বলেন, জাহাঙ্গীর আলম আমার মামা। এটি প্রায় ১২ বছর আগের একটি চেক। টাকা পরিশোধ করার পরও তিনি চেকটি লুকিয়ে রেখেছিলেন। এখন আমি চেয়ারম্যান প্রার্থী হওয়াতেই তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ব্যাংকে জমা দিয়ে ডিজঅনার করিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত