সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার: পাচার চক্রের সন্দেহ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার: পাচার চক্রের সন্দেহ

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১১:০০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই স্কুলের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ছাত্রীরা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় যাওয়ার জন্য ওই বাস কাউন্টারে অপেক্ষা করছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদেরকে প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধারকৃতরা হলো, সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শ্রীমতী খুশি (১৭), মল্লিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুজতি রানী দেবনাথ (১৪)। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিখোঁজ ছাত্রীরা দিনাজপুর ও ঢাকা হয়ে সিলেটে পৌঁছায়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রীদের সিলেট থেকে দ্রুত ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।