সারাদেশ

মাগুরার শ্রীপুরে ক্রীড়া-কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ

প্রিন্ট
মাগুরার শ্রীপুরে ক্রীড়া-কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশিত : ২ জুলাই ২০২৬, রাত ১০:২৬

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ, গাছের চারা এবং অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ ও কৃষি অফিস চত্বরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ ও অর্থ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব তহবিল থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠনকে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন ও সেলাই মেশিন দেওয়া হয়।

এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে উফশী ও আমন ধানের বীজ, সার, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও সবজি বীজ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৬০ জন অস্বচ্ছল ব্যক্তিকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।