সারাদেশ

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে কর্মচারীকে রড দিয়ে পিটিয়ে জখম

প্রিন্ট
ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে কর্মচারীকে রড দিয়ে পিটিয়ে জখম

প্রকাশিত : ২ জুলাই ২০২৬, রাত ১১:০২

নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে সাব্বির নামে এক কর্মীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানায় প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ ৭-৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর নিয়োগকর্তা মো. শাহজাহান।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহজাহান বিটিআরসি অনুমোদিত একজন ইন্টারনেট ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফতুল্লার রামবাবুর পুকুরপাড় এলাকায় নতুন সংযোগ স্থাপনের কাজ করতে যান তার কর্মী সাব্বির। বৈদ্যুতিক খুঁটিতে মই লাগিয়ে কাজ করার সময় অনুমোদনহীন ড্যান্ডিলিংক নামের অপর একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিক খালিদ ও আরিফ হোসেনের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি এসে কাজে বাধা দেন।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং আরিফ হোসেন লোহার রড দিয়ে সাব্বিরকে এলোপাতাড়ি আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টাকালে রডের আঘাতে সাব্বিরের বাম হাতের হাড় ভেঙে যায়। এ সময় হামলাকারীরা ওই এলাকায় শাহজাহানের কোম্পানির সব লাইন কেটে দেওয়ারও হুমকি দেন। পরে সহকর্মীরা আহত সাব্বিরকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খালিদ ও আরিফ হোসেন দাবি করেন, ইন্টারনেট সংযোগ দেওয়া নিয়ে সাব্বিরের সঙ্গে তাদের কেবল বাকবিতণ্ডা হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।