সারাদেশ

ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে হত্যা: তোশকে মোড়ানো লাশ উদ্ধার

প্রিন্ট
ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে হত্যা: তোশকে মোড়ানো লাশ উদ্ধার

প্রকাশিত : ২ জুলাই ২০২৬, রাত ১১:৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর মো. মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীর তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে এভাবে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুরের বাসিন্দা। তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার জাজিরা টাওয়ারে সপরিবারে বসবাস করে স্থানীয় বাজারে একটি লাইব্রেরি ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক মো. কামাল জানান, বুধবার ১ জুলাই সকাল আটটায় বাসা থেকে বের হওয়ার পর মোতালেব নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে তোশকে মোড়ানো লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। স্বজনরা এ নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।