সারাদেশ

উদ্ভাবনী উদ্যোগে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

প্রিন্ট
উদ্ভাবনী উদ্যোগে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:৪০

উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি সলেমান সোলার সেচ পাম্প-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়ন হলো মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্ভাবন।

উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে মন্ত্রী বলেন, সাইকেলের মেকানিক থেকে নিজের চেষ্টায় সোলার প্রযুক্তিনির্ভর এমন একটি সেচ পাম্প তৈরি করে তিনি দেশের ও কৃষকদের গর্বে পরিণত হয়েছেন। এ ধরনের উদ্ভাবকরা নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁদের সহায়তায় কম সুদে ঋণের ব্যবস্থা করতে আমি ব্যাংকগুলোর সঙ্গে কথা বলব। সলেমান আলীর উদ্ভাবিত এই পাম্প খামারসহ বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন সেচ ও বিদ্যুতের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্ভাবক সলেমান আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।