সারাদেশ

গোসিংগা ইউপি নির্বাচন: প্রচারণায় সরব চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান

প্রিন্ট
গোসিংগা ইউপি নির্বাচন: প্রচারণায় সরব চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান

প্রকাশিত : ৩ জুলাই ২০২৬, রাত ৯:১২

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নম্বর গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। এর মধ্যে নিয়মিত গণসংযোগ, জনসম্পৃক্ততা ও আধুনিক ইউনিয়নের রূপরেখা তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক ও পেশাজীবী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান (আলম)। সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।

হায়াৎখারচালা গ্রামের সন্তান লুৎফর রহমান মরহুম আব্দুস সালাম মেম্বারের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাজী আব্দুল কাদেরের নাতি। তিনি বর্তমানে গোসিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য।

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০২৬ সালে সিনিয়র জেনারেল ম্যানেজার পদ থেকে অবসর নেন। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা, জনসেবা ও শিক্ষানুরাগী কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে ইঞ্জিনিয়ার লুৎফর রহমান বলেন, "যোগ্যতা, সততা ও উন্নয়নের মাধ্যমে গোসিংগা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেলে পরিণত করতে চাই।" নির্বাচিত হলে তাঁর প্রধান লক্ষ্যগুলো হবে:

মাদকমুক্ত সমাজ গঠন এবং আধুনিক রাস্তাঘাট নির্মাণ। শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার ঘটানো। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। সর্বোপরি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও মতামত কামনা করেছেন।