জানা যায়, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকার বাসাবাড়ি থেকে প্রায় ৬০০ ভ্যানে ময়লা সংগ্রহ করে লামাপাড়া এলাকার একটি বেসরকারি স্থানে ডাম্পিং করেন কর্মীরা। গত বুধবার বিকেলে স্টেডিয়ামের পাশে কয়েকটি ভ্যান মেরামতের সময় গাড়ি সরানোকে কেন্দ্র করে লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেলের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার এক বৈঠকে হিমেল ও তার দলবল অতর্কিত হামলা চালিয়ে ১০-১২ জন পরিচ্ছন্নতাকর্মীকে এলোপাতাড়ি মারধর করে। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে সড়ক অবরোধ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ময়লার ৬০০ ভ্যান থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। ওই চাঁদার ভাগ চেয়েই হিমেল ও তার লোকজন দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল।
এদিকে হঠাৎ সড়ক অবরোধের ফলে ওই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক যাত্রীকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তিন-চার কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনি সহায়তার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মতামত