সারাদেশ

শেরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রিন্ট
শেরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত : ৭ জুলাই ২০২৬, বিকাল ৪:১৮

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথমবারের মতো উদ্যাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও আর্থিক সহায়তা বিতরণের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি শেরপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, পোল্ট্রি ও গাভী পালনের জন্য ৬ জন উপকারভোগীর হাতে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।