সারাদেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে তিন জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান

প্রিন্ট
চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে তিন জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান

প্রকাশিত : ৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৪২

চাকরি স্থায়ীকরণ অথবা দৈনিক হাজিরাভিত্তিক বেতনের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানরা। বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের শতাধিক কর্মী এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, সারা দেশে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান দীর্ঘ ৩০ বছর ধরে বিনা পারিশ্রমিকে গবাদিপশুর জাত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এক দফা দাবিতে গত ১ জুলাই থেকে সারা দেশে তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা সভাপতি সেলিম বাদশা এবং পঞ্চগড় জেলা সভাপতি আইবুল ইসলাম প্রমুখ।