সারাদেশ

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগ: নাগরিক সমাজের মানববন্ধন

প্রিন্ট
জামালপুর ডায়াবেটিস হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগ: নাগরিক সমাজের মানববন্ধন

প্রকাশিত : ৮ জুলাই ২০২৬, রাত ১০:৩৬

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে আর্থিক দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থাপনা ও রোগী হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় শহরের ফৌজদারি মোড়ে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে, জামালপুরবাসীর পক্ষে ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবু সায়েম মোহাম্মদ সা- আদাত উল করীম, ভুক্তভোগী মো. কামাল হোসেন, সমাজসেবক আলতাফ হোসেন ও মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে। হাসপাতালের আয়-ব্যয় ও কেনাকাটায় কোনো স্বচ্ছতা নেই। সমাজসেবা অধিদপ্তরের চুক্তি অনুযায়ী দরিদ্রদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। উল্টো নিয়োগ ও পদোন্নতিতে চরম স্বজনপ্রীতি চলছে এবং সেবার মান তলানিতে নেমে যাওয়ায় সাধারণ রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালটিকে বাঁচাতে নাগরিক সমাজের পক্ষ থেকে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়, জেলা প্রশাসনের নেতৃত্বে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। সার্বিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করা।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ। হাসপাতালের কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। দলমত নির্বিশেষে সবার জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নাগরিকরা। তারা জানান, জেলার সাধারণ মানুষের আস্থার এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই গুটিকয়েক মানুষের ব্যক্তিস্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না।