সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দিন-দুপুরে চলন্ত বাসে ভাঙচুর ও ছিনতাই আহত ২

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে দিন-দুপুরে চলন্ত বাসে ভাঙচুর ও ছিনতাই আহত ২

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, রাত ১০:০৮

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড বাস স্ট্যান্ডে প্রকাশ্যে দিন-দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি যাত্রীবাহী বাসে হামলা, ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে, ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

হামলায় বাসের সুপারভাইজার ও হেলপার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগেরহাটের রায়েন্দা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস.পি. গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব: ১২-৩৬৮২) চিটাগাং রোড ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে অজ্ঞাত ১০-১২ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসটির গতি রোধ করে। তারা আচমকা বাসের গ্লাস ভাঙচুর শুরু করে এবং আতঙ্ক সৃষ্টি করে।

একপর্যায়ে ৬ জন দুষ্কৃতিকারী বাসে উঠে বাসের সুপারভাইজার জাহিদুল ও হেলপার রাসেলকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তারা সুপারভাইজার জাহিদুলের কাছ থেকে গাড়ির খরচ বাবদ থাকা নগদ ১৬ হাজার ৭০০ টাকা ও ২৮ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং হেলপার রাসেলের মানিব্যাগ থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। যাওয়ার সময় চালক ও স্টাফদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।