হামলায় বাসের সুপারভাইজার ও হেলপার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগেরহাটের রায়েন্দা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস.পি. গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব: ১২-৩৬৮২) চিটাগাং রোড ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে অজ্ঞাত ১০-১২ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসটির গতি রোধ করে। তারা আচমকা বাসের গ্লাস ভাঙচুর শুরু করে এবং আতঙ্ক সৃষ্টি করে।
একপর্যায়ে ৬ জন দুষ্কৃতিকারী বাসে উঠে বাসের সুপারভাইজার জাহিদুল ও হেলপার রাসেলকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তারা সুপারভাইজার জাহিদুলের কাছ থেকে গাড়ির খরচ বাবদ থাকা নগদ ১৬ হাজার ৭০০ টাকা ও ২৮ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং হেলপার রাসেলের মানিব্যাগ থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। যাওয়ার সময় চালক ও স্টাফদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত