মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের জেরে ঘটনার সঙ্গে জড়িত নয় এমন অন্তত ১০টি নিরপরাধ পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোয়া শতডাঙ্গা গ্রামের নিহত আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৪ জুলাই রাতে প্রতিপক্ষরা আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ করেন। শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল মোল্যার মৃত্যু হয়।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে একদল লোক হামলায় জড়িতদের বাড়ি বাদ দিয়ে সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস ও হাসান বিশ্বাসসহ অন্তত ১০টি নিরীহ পরিবারের বাড়িঘরে হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। অথচ তাদের বাড়িঘর ভাঙচুর করে গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নিহতের ছোট ভাই আব্দুল মোল্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত