সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা: ভাই-বোন গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা: ভাই-বোন গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, রাত ১০:০৫

সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা (কয়েন) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬টি সোনালি রঙের মূর্তি, ৫টি কয়েন ও ১টি পিতলের কলস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার কোচল গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও তার ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, দিনাজপুর কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিমের কাছ থেকে সোনার মূর্তি ও কয়েন দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাকি টাকা লেনদেনের সময় আজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রানীশংকৈল উপজেলার কোচল গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে জাহাঙ্গীর ও সীমাকে গ্রেপ্তারের পর তাদের বাড়ির বারান্দার মাটির নিচ থেকে মূর্তি, কয়েন ও কলসটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে এই প্রতারণার কথা স্বীকার করেছেন। সীমা বেগমের বিরুদ্ধে আগেও একই অভিযোগে মামলা রয়েছে। এ ঘটনায় রানীশংকৈল থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।