শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ৪ জন শহীদ পরিবার ও ১ জন আহত যোদ্ধার প্রত্যেককে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৩০টি দুস্থ পরিবারকে চাল, ২ জনকে হুইলচেয়ার, ২ জনকে ভ্যান এবং ১ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৩টি ছাগল দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, সরকার ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। সংসদে পাস হওয়া জুলাই সনদ দেশের সকল দল যৌথভাবে স্বাক্ষর করেছে এবং প্রতিটি দল এই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
উপকরণ বিতরণ শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি আমলসার ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত গৃহনির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মতামত