সারাদেশ

শেরপুরে এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

প্রিন্ট
শেরপুরে এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৪:১১

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলামকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে শেরপুর সদর উপজেলার গাজিরখামার উচ্চবিদ্যালয় মাঠে গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

সমিতির সভাপতি মো. সামিউল আলম টুটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, তারাকান্দি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত ও সোজা করা হলে ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। এছাড়া শেরপুর-নালিতাবাড়ী রোডটি ২২ ফুটে উন্নীত করা হবে এবং শেরপুরের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। দেশের উন্নয়ন খাতের বরাদ্দ লোপাটের সমালোচনা করে তিনি আরও বলেন, গণভোটের যে রায় জনগণ দিয়েছে, তা বাস্তবায়ন হলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে এবং মানুষের সুখ-সমৃদ্ধি ফিরে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত। এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যসহ সহস্রাধিক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।