সারাদেশ

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রিন্ট
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, দুপুর ১:৫৯

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শুকুর। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। গতকাল শনিবার বিকেলে স্থানীয় লোকজন রতনপুর এলাকার একটি বাগানের জঙ্গলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।