মঙ্গলবার (২১ জুলাই) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ২১(খ) ধারার আওতায় প্রাথমিকভাবে ঠাকুরগাঁওসহ দেশের ১০টি জেলায় এ কার্যক্রম শুরু হলো।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা করার আগে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। পাশাপাশি আদালতের ওপর মামলার চাপও হ্রাস পাবে।
তিনি জানান, এর আগে কয়েকটি জেলায় পরীক্ষামূলক মধ্যস্থতা কার্যক্রমে ইতিবাচক ফল মিলেছে। পারিাবরিক, বণ্টনসহ সাত ধরনের বিরোধে নতুন মামলা দায়েরের হার ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে। আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলায় এই কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে।
অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত