শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের নেতৃত্বদানের অভিযোগে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে বাগমারা এলাকা থেকে রাহুলকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগরে আল আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।
এ ঘটনার পর স্থানীয় সাক্ষীদের তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হন থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মাসুম বিল্লাহ।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত