সারাদেশ

১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টা সড়ক অবরোধ

প্রিন্ট
১১ দফা দাবিতে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, রাত ১০:৩১

পরিপূর্ণ অর্জিত ছুটির টাকা, শতভাগ বোনাস ও হাজিরা বোনাস চালুসহ ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর বরফকল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে চাষাড়া-শিমরাইল সড়কের কিল্লারপুল থেকে খানপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করে নগরীর যানবাহন চলাচল করতে দেখা যায়।

শ্রমিকদের অন্য প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পিস রেট বৃদ্ধির হার প্রকাশ, অর্ধবেলা ছুটির জন্য বেতন না কাটা, কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আন্দোলনে অংশ নেওয়া কাউকে চাকরিচ্যুত না করা। ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিউসি) জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, দাবি বাস্তবায়নে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজিদুর রহমান জানান, শ্রমিকদের কয়েকটি দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।