সারাদেশ

সোনারগাঁয়ে হামেশা গ্রুপ-এর বিরুদ্ধে চুরির অভিযোগ: আটা-গাড়িসহ আটক ১

প্রিন্ট
সোনারগাঁয়ে হামেশা গ্রুপ-এর বিরুদ্ধে চুরির অভিযোগ: আটা-গাড়িসহ আটক ১

প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:৪৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত হামেশা গ্রুপ নামক একটি রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে চুক্তিভঙ্গ, প্রতারণা ও রাতের আঁধারে মালামাল চুরির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আসাদুল ইসলাম ও তার সহযোগীদের সিন্ডিকেটের খপ্পরে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। জানা যায়, বি.এন ফ্লাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের সাথে ২ হাজার মেট্রিক টন গম ভাঙানোর চুক্তি করে হামেশা গ্রুপ। তবে বি.এন ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোলাম হোসেন বাবুল অভিযোগ করেন, মেশিনের ত্রুটির অজুহাত দেখিয়ে দীর্ঘদিন হয়রানির পর তার কোটি টাকার গম চোরাই পথে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি।

গত রোববার (২৬ জুলাই) বিকেলে চোরাই পথে মালামাল সরানোর সময় স্থানীয় জনতা ৩ টন আটাসহ একটি নসিমন গাড়ি হাতেনাতে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি ও মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার এসআই হারুন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও বৈধ কাগজপত্র না থাকায় মালামালসহ গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে চুরির অভিযোগ অস্বীকার করে হামেশা গ্রুপের সহযোগী সাইফুল দাবি করেন, মালামালগুলো ফ্যাক্টরিরই। যদিও জব্দকৃত মালামালের কোনো বৈধ ডেলিভারি চালান বা কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।