রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্ধারিত পরিমাণের চেয়ে কম অকটেন সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সনদ ও লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় অবস্থিত মেসার্স সিটি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডিসি অফিসসংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজার এলাকার আল মদিনা লাইভ বেকারিকে হোয়াইট ব্রেড ও বিস্কুট উৎপাদনের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান। অভিযানে বিএসটিআই রংপুর কার্যালয়ের কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং মান নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
মতামত