সারাদেশ

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

প্রিন্ট
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৬, রাত ৯:১৫

ড্রেস, ব্যাগ ও জুতা না থাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যেতে পারছিল না নারায়ণগঞ্জ সদর উপজেলার এক অসচ্ছল পরিবারের শিক্ষার্থী। অর্থের অভাবে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পারায় তার শিক্ষাজীবন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল।

বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক হাত বাড়িয়ে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর হাতে নতুন পোশাক, ব্যাগ ও জুতা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে তার শিক্ষার অগ্রগতিতে পাশে থাকার প্রতিশ্রুতি জানানো হয়।

এ সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সদর উপজেলা প্রশাসন সচেতন। সরকারের নির্দেশনা অনুযায়ী ঝরে পড়া রোধে এই সহায়তা অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা ছোট ভাইটি নিয়মিত মাদ্রাসায় গিয়ে ভালোভাবে লেখাপড়া করবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে।

উপজেলা প্রশাসনের এই দ্রুত ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। তাদের মতে, এ ধরনের সহায়তা অন্যান্য অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন টিকিয়ে রাখতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।