সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে যুবক গুরুতর আহত: বিচার ও ক্ষতিপূরণ দাবি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে যুবক গুরুতর আহত: বিচার ও ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৪:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বহুতল নির্মাণাধীন ভবনের একটি পিলার ধসে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার মাথায় ১৫টিরও বেশি সেলাই লেগেছে। এ ঘটনায় ভবন সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ তুলে আহত যুবকের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আহতের ভাই, জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম কদমতলী মদিনাবাগ এলাকায় আলমাস শেখের নির্মাণাধীন বহুতল ভবনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ চলছিল। হঠাৎ ওপর থেকে একটি পিলার ধসে পড়লে নিচে থাকা ইয়াসিন আরাফাত গুরুতর জখম হন।

তিনি অভিযোগ করে বলেন, নির্মাণাধীন ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় শুধু আমার ভাই নন, পাশের স্কুলের শিক্ষার্থী ও পথচারীরাও চরম ঝুঁকিতে রয়েছেন। একজন শ্রমিকের জীবন কিংবা সাধারণ পথচারীর জীবন রাষ্ট্রের যেকোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনের মতোই মূল্যবান। নিরাপত্তাহীনতার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তিনি তার ছোট ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, ভবনটির নির্মাণকাজে চরম অবহেলা করা হচ্ছে। তারা অবিলম্বে ভবনটির নির্মাণ ঠিকাদার মনির হোসেন ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ইয়াসিনসহ দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।