সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনতাই: গ্রেফতার ৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনতাই: গ্রেফতার ৪

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি সরকারি ওয়াকিটকি, তিনটি ব্যক্তিগত মোবাইল ও নগদ ৫২ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নাইম হোসেন (২৫), মোঃ ইকবাল হোসেন (২১), মোঃ আব্দুল্লাহ (২৪) ও মোঃ আলেক শাহ (২৮)। তারা সকলেই  সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী বউবাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোহাম্মদ স্বপন, কনস্টেবল মনির হোসেন ও আবু হানিফ ডিউটিতে থাকাকালে চুরি হওয়া একটি মোবাইলের সূত্র ধরে আটি হাউজিং এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে প্রধান আসামি সাহেব আলীসহ একদল সন্ত্রাসী ধারালো চাপাতি, দা ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এএসআই স্বপন ও কনস্টেবল মনির ধারালো অস্ত্রের কোপে মাথায় গুরুতর জখম হন এবং কনস্টেবল আবু হানিফও আহত হন। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত এএসআই স্বপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি মালামাল ছিনতাইয়ের ঘটনায় চার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ওয়াকিটকি ও বাকি মালামাল উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।