সারাদেশ

শেরপুরে ২৫০ পরিবারে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

প্রিন্ট
শেরপুরে ২৫০ পরিবারে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৯

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০ পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা এবং যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুব কল্যাণ ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমন, সহসভাপতি মহর উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, যুবক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন মিয়া।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।