সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৭ মাসে মাদক মামলায় গ্রেপ্তার ৫১৩

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৭ মাসে মাদক মামলায় গ্রেপ্তার ৫১৩

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৫৭

ঠাকুরগাঁওয়ে চলতি বছরের মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় ৫১৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা যায়, সাড়ে সাত মাসে ৬ হাজার ৪৯১ পিস ইয়াবা, ৪ হাজার ৬৬ পিস টাপেন্টাডল, ৩২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৩৮ গ্রাম গাঁজা, ৪৪২ লিটার দেশি মদ, ১০৫ বোতল ফেন্সিবিল, ২ বোতল ইস্কফ সিরাপ ও ৩ বোতল এমকেড্রিল জব্দ করা হয়েছে।

মাসভিত্তিক হিসাবে, মার্চে ৮৮ জন, এপ্রিলে ৪৬, মে মাসে ৮১, জুনে ৮৫, জুলাইয়ে ৯৩ এবং আগস্টের প্রথম ১৪ দিনে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জুনে সর্বোচ্চ ২ হাজার ১৫৯ পিস ইয়াবা এবং জুলাইয়ে সর্বোচ্চ ১ হাজার ৭৫৫ পিস টাপেন্টাডল জব্দ করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা এবং ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি গোলাম রসুল কাজল বলেন, মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। মাদক কারবারি ও সেবনকারীদের পাশাপাশি এর মূল উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তে কাজ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।