নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং জেলার নানা নাগরিক সমস্যা নিয়ে মতবিনিময় করেছে তরুণদের নিয়ে গঠিত সংগঠন নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এনজিবি’র নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ঐতিহ্যবাহী পানাম নগরের ছবি সম্বলিত একটি ফ্রেম উপহার দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা এবং উন্নয়নের দিক নিয়ে আলোচনা হয়। তরুণ সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, যানজট নিয়ন্ত্রণ ছাত্র ও তরুণদের মাধ্যমে নারায়ণগঞ্জের ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চলমান রাখা। ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ সহজ করতে মেট্রোরেল এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার প্রস্তাব। গ্রীণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ উদ্যোগটিকে আরও জোরদার করে চলমান রাখা। তরুণদের বিভিন্ন গঠনমূলক কাজে প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সরকারি জায়গা দখলমুক্ত করে যুব সমাজের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ তৈরি করে দেওয়া।
এনজিবি'র নেতৃবৃন্দ তাদের সংগঠনের লক্ষ্য তুলে ধরে বলেন, আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে চাই। ৫ই আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।
মতবিনিময় সভায় এনজিবি'র পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ মেহেরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সংগঠকদের মধ্যে ফাহমি মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, এইচ এম তাওহীদ, ফাহমি খন্দকার অনিক, আব্দুর রহমান গাফফারী, মাহবুবুর রহমান মুনাইম, কেন্দ্রীয় নারী সংগঠক আফসানা মিমি সুইটি, আজিজাহ তাসনিম, বন্দর থানা থেকে নিরজিন হোসেন জয়, হানজালা প্রধান, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক হাবিবুর রহমান হাবিব, সাকিব হাসান, নাবিল দেওয়ান, মুহাম্মদ নাসির, মুহাম্মদ ফাহমি, মোঃ ইমন, মোঃ আলিম, আবরার ও ফয়সাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতামত