সারাদেশ

টোলপ্লাজায় বাস দুর্ঘটনা: ব্রেক ফেল হয়ে পিকআপে ধাক্কা, আহত ১০

প্রিন্ট
টোলপ্লাজায় বাস দুর্ঘটনা: ব্রেক ফেল হয়ে পিকআপে ধাক্কা, আহত ১০

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৫

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী, কলা ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ব্রেক ফেল হওয়া একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরাজীকান্দা শীতলক্ষ্যা টোলপ্লাজার কাউন্টারের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে আসা ডি টি এল লিমিটেড-এর একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭) আকর্ষিকভাবে ব্রেক ফেল হয়। নিয়ন্ত্রণের চেষ্টা করেও চালক ব্যর্থ হলে বাসটি সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পিকআপটি প্রায় ১০ ফুট সামনে ছিটকে যায় এবং ঘটনাস্থলে থাকা একটি কলাবোঝাই ইজিবাইক উল্টে যায়। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কলা ব্যবসায়ী আরিফ (৪৬), পিকআপ চালক আব্দুল জব্বার (৫২), হেলপার ফরিদ (৪৮), লেবার লাক বাহাদুর (৫০) এবং বাসযাত্রী সাগর (২৪), সমীর (২৮), রজ্জব (৪৫), রাজিব (২৩), শওকত (৩১)।

আহতদের মধ্যে কলা ব্যবসায়ী আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনা ঘটানো বাসটিকে আটক করে। পরে পুলিশের হস্তক্ষেপে ডি টি এল পরিবহন কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার দায়িত্ব নিলে বিষয়টি সমঝোতা হয়। এতে কোনো বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।