সারাদেশ

সাঁথিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রিন্ট
সাঁথিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১ আগস্ট ২০২৬, রাত ১০:১৬

পাবনার সাঁথিয়া উপজেলায় জুলাই সনদ, গণভোটের রায় এবং গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখা।

শনিবার সকাল ১০টায় বোয়ালমারী কামিল মাদ্রাসার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা সদর সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

পথসভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার খান, জেলা শূরা সদস্য আব্দুল মালেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করেছে এবং সেই রায় যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত। তারা সরকারের প্রতি জুলাই সনদ এবং গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তাদের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।

সমাবেশ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।