সারাদেশ

আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ গাড়িচালক গ্রেফতার

প্রিন্ট
আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ গাড়িচালক গ্রেফতার

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:১৯ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ গাঁজাসহ শ্রী সাগর চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত যুবক মাদক পাচার চক্রের সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাদকবাহী কাভার্ড ভ্যান থেকে মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক শ্রী সাগর চন্দ্র দাসকে (২৮) আটক করা হয়। ধৃত শ্রী সাগর চন্দ্র দাস ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কালামুড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত সুনীল চন্দ্র দাস ওরফে অমল চন্দ্র দাসের ছেলে।

র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি সন্দেহভাজন হলুদ রঙের কাভার্ড ভ্যান তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, এই বিশাল পরিমাণের গাঁজা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

আটককৃত শ্রী সাগর চন্দ্র দাসকে মাদক পরিবহনের অভিযোগে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।