সারাদেশ

র‌্যাব-১১ এর অভিযানে রাজধানী থেকে বিদেশি পিস্তল গুলি ও বিপুল বিস্ফোরক উদ্ধার

প্রিন্ট
র‌্যাব-১১ এর অভিযানে রাজধানী থেকে বিদেশি পিস্তল গুলি ও বিপুল বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৪

রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল এবং পেট্রোল বোমার একটি বড় চালান উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাব-১১। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব-১১ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। বুধবার সকালে র‌্যাব-১১ এর সিপিএসপি কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন উপ-অধিনায়ক লেঃ কমান্ডার নাইম উল হক-এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ঢাকার হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত বস্তুগুলো উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগজিন, চার রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা

র‌্যাব-১১ জানিয়েছে, সম্প্রতি সারাদেশে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

র‌্যাব আরও জানায়, তারা ইতোমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো প্রকার নাশকতা বা সহিংসতা রোধ করতে এই ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে র‌্যাব-১১ সূত্রে জানা গেছে।