সারাদেশ

নির্বাচন তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ

প্রিন্ট
নির্বাচন তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১০

ঢাকা ১০ ডিসেম্বর ২০২৫ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তাঁরা পদত্যাগপত্র হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।

জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই সাবেক ছাত্রনেতার পদত্যাগ গ্রহণ করে প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তাঁরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং জাতি তা স্মরণে রাখবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে ভবিষ্যতেও তাঁরা সক্রিয় ভূমিকা রাখবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তাঁদের অবদান স্মরণ করবে। তিনি জানান অল্প সময়ে তাঁরা জাতির জন্য যে ভূমিকা পালন করেছেন তা ভুলে যাওয়ার নয়। এটিকে তিনি একটি রূপান্তরের ধাপ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে বৃহত্তর পরিসরে তাঁরা আরও বড় অবদান রাখবেন।

দেশের মঙ্গলে নিজেদের কর্মে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারে থেকে যে অভিজ্ঞতা তাঁরা অর্জন করেছেন তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে।