সারাদেশ

বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রিন্ট
বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৬

মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১০ ডিসেম্বর বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সচেতনতা মূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশে তরুণদের নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং সফল ও শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার প্রাপ্ত এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, সংগঠনের মহাসচিব মো নিজাম উদ্দিন, বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচি এবং মোসলেমা খাতুন লাবণ্য। এতে অংশ নেন স্বেচ্ছাসেবক ও তরুণ উদ্যোক্তারা।

শোভাযাত্রার পূর্বে বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। মানবাধিকার লঙ্ঘন ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ বলেন মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত। প্রতিটি মানুষের জীবনের মূল্য মর্যাদার সঙ্গে এবং কোনো বৈষম্য ছাড়া প্রতিষ্ঠা করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।